দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীদের মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালি এলাকায় গফুর সরদারের পুকুরে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো বাটকেখালি এলাকার সাদ্দাম হোসেনের ছেলে লাবিব হোসেন (১০) ও হাবিবুর রহমানের মেয়ে হাবিবা খাতুন (৯)। তারা দুজনই বাটকেখালি মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। লাবিব চতুর্থ শ্রেণিতে এবং হাবিবা তৃতীয় শ্রেণিতে পড়ত।
সাতক্ষীরা সদর থানার ওসি মো. মাহবুবুর রহমানের ভাষ্য, দুপুরে স্কুলে যাওয়ার আগে দুজন পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়।
বাড়িতে ফিরতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা তাদের খোঁজ শুরু করেন। পরে পুকুরপাড়ে তাদের জুতা পড়ে থাকতে দেখে স্বজনরা পানিতে নেমে তল্লাশি চালান। একপর্যায়ে দুজনকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের পরিচালক ডা. কুদরত-ই-খুদা বলেন, জরুরি বিভাগে আনার পর শিশু দুটির চিকিৎসা শুরু করা হয়। তবে কিছুক্ষণের মধ্যেই তাদের মৃত্যু হয়।
ওসি মাহবুবুর রহমান বলেন, শিশু দুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কোনো অভিযোগ না থাকলে সন্ধ্যার আগেই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।